রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রধান অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। বুধবার (২০ মে) তাকে আদালতে হাজির করে পল্লবী থানা পুলিশ এই আবেদন জানায়।
এর আগে মঙ্গলবার (১৯ মে) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানার স্ত্রী স্বপ্নাকেও আগেই আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি-ব্লকের একটি বাসার ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার বাসিন্দা আব্দুল হান্নান মোল্লার মেয়ে। পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে ধর্ষণের পর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অভিযুক্ত সোহেল রানা ওই ভবনেরই পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া ছিলেন।
পল্লবী থানা পুলিশ জানায়, কী উদ্দেশ্যে এবং কেন এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা নিশ্চিত হতে সোহেল রানাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্তাধীন। গত মঙ্গলবার সিআইডি ও এসবি সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। আদালতের অনুমতি পেলে রিমান্ডে নিয়ে ঘাতক সোহেলকে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments