Image description

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু লামিসা হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার রামপুরা বনশ্রী এলাকার একটি মাদরাসার বাথরুম থেকে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম মো. আব্দুল্লাহ। পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে পাশবিকভাবে বলাৎকার করার পর তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

বুধবার (২০ মে) বিকেলে রামপুরা থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে বনশ্রী সি ব্লকের তিন নম্বর রোডের ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা’র তৃতীয় তলার বাথরুম থেকে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি আজ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, গত রাতে খবর পেয়ে মাদরাসার বাথরুম থেকে গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরে অন্য কোথাও জখমের চিহ্ন না থাকলেও পায়ুপথে অস্বাভাবিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে বলাৎকার করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহত আব্দুল্লাহর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর গ্রামে। সে ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। মাদরাসার প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন জানান, আব্দুল্লাহ মাদরাসার আবাসিক ছাত্র ছিল। মঙ্গলবার মাগরিবের পর সে বাথরুমে যায়। দীর্ঘ সময় পরও বের না হওয়ায় শিক্ষকরা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন। তাৎক্ষণিকভাবে ট্রিপল নাইনের (৯৯৯) মাধ্যমে পুলিশকে জানানো হয়।

ঘটনার পর থেকে মাদরাসার ১৭ বছর বয়সী শিহাব নামের এক ছাত্রের সন্ধান পাওয়া যাচ্ছে না। প্রধান শিক্ষক জানান, কয়েকজন শিক্ষার্থী শিহাবের আচরণ নিয়ে সন্দেহজনক তথ্য দিয়েছে। মঙ্গলবার বিকালেই শিহাব ছুটি নিয়ে মাদরাসা থেকে বেরিয়ে যায় এবং এরপর থেকে তার মোবাইল বন্ধ ও বাড়ির লোকজনও তার কোনো হদিস দিতে পারছে না।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু লামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে ফেলার খবর দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। তার ঠিক পরদিনই বনশ্রীতে মাদরাসা ছাত্রের এমন রহস্যজনক মৃত্যুতে জনমনে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

মানবকণ্ঠ/আরআই