জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা বা ‘ব্যাক’ করা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টার মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে। অধ্যাপক আসিফ নজরুলের মতে, আওয়ামী লীগ কখনো চলে যায়নি বরং তারা ছিলই, বর্তমানে শুধু তাদের দম্ভ ও মিথ্যাচার করার দুঃসাহসটি ফিরে এসেছে।
বুধবার (২০ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এই মন্তব্য করেন। তার এই পোস্টটি মূলত আরেক সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের একটি দীর্ঘ স্ট্যাটাসের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। আসিফ নজরুল লিখেছেন, ‘আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।’
এর আগে মঙ্গলবার (১৯ মে) মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে দাবি করেন, গণ-অভ্যুত্থানের চেতনা থেকে বিচ্যুতি এবং দেশে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে আওয়ামী লীগ রাজনীতিতে ‘ব্যাক’ করেছে। মাহফুজ আলমের মতে, ২০২৪-এর অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা, মাজার ও হিন্দুদের ওপর হামলা এবং আইনের শাসনের বদলে ‘মব জাস্টিস’ বা মব শাসনের উত্থানের ফলে আওয়ামী লীগের রাজনৈতিক ধর্মতত্ত্ব আবার ফিরে আসার সুযোগ পেয়েছে।
মাহফুজ আলম তার পোস্টে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডেরও সমালোচনা করেন। তিনি লিখেন, ‘লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন ব্যবস্থা বিলোপের বদলে ন্যূনতম সংস্কার ও ঐকমত্য কমিশন নাম দিয়ে জনগণকে বিচ্ছিন্ন এবং হতাশ করা হলো।’ তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ও জামায়াতের মধ্যকার রাজনৈতিক লড়াই এবং সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব আওয়ামী লীগের ফেরার পথ প্রশস্ত করেছে।
তবে আসিফ নজরুল মাহফুজ আলমের এই ‘ফিরে আসা’র তত্ত্বের সঙ্গে দ্বিমত পোষণ করে বোঝাতে চেয়েছেন যে, দলটি মানসিকভাবে বা সাংগঠনিকভাবে কখনোই হারিয়ে যায়নি, বরং তাদের পুরনো সেই দম্ভই এখন নতুন করে প্রকাশ পাচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর গঠিত অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে আসিফ নজরুল ও মাহফুজ আলম উভয়েই উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচনের মধ্য দিয়ে সেই সরকারের বিদায়ের পর তাদের এই পাল্টাপাল্টি বিশ্লেষণ রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments