বগুড়ায় ভ্যানিটি ব্যাগে করে ইয়াবা লেনদেনের সময় দুই বেয়াইনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেলে বগুড়া শহরের চকযাদু ক্রস লেন এলাকার বিআরটিসি মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের বুলবুলি বেগম (৪৫) এবং বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার নাজমা বেগম (৩৮)। তারা সম্পর্কে একে অপরের বেয়াইন।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন দুই নারীকে আটক করে তাদের সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করা হলে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বুলবুলি বেগম তার বেয়াইন নাজমা বেগমের কাছ থেকে ইয়াবা কিনতে এসেছিলেন। ইয়াবার চালান হস্তান্তরের সময় ডিএনসির সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।




Comments