Image description

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আদিবাসী পল্লির একটি বাড়িতে ঘরের জানালা ভেঙে চুরি করার প্রস্তুতির অভিযোগে হীরা মিয়া (৩৫) নামের একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার শ্যামপুর টঙ্গীপাড়া আদিবাসী পল্লিতে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কুদ্দুস ও উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রি বর্মণসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত হীরা মিয়া নবাবগঞ্জ উপজেলার জাটিহার গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। তিনি কৃষি শ্রমিক ছিলেন। 

নবাবগঞ্জ থানার ওসি আবদুল কুদ্দুস জানান, ভোরে শ্যামপুর গ্রামের বাসিন্দা অনিল টুডুর বাড়ির একটি ঘরের জানালা ভাঙার শব্দে তার ঘুম ভাঙে। পরে তিনি ঘর থেকে বের হয়ে জানালার পাশে হীরা মিয়াকে দেখতে পান। এ সময় তিনি তাকে ধরে ফেলেন এবং আশপাশের লোকজনকে ডাকতে থাকেন। গ্রামের লোকজন ছুটে এসে তাকে আটকে মারধর করেন। এতে হীরা মিয়া গুরুতর অসুস্থ হন এবং সকাল ৬টার দিকে মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।