কুমিল্লা নগরীতে সন্ত্রাস ও মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলা ও গুলির ঘটনায় এক স্কুলছাত্রসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত স্কুলছাত্র প্রেমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর কাটাবিল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ও র্যাব এলাকায় অভিযান শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে কাটাবিল ও তেলিকোনা এলাকায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং ও মাদক কারবারিদের মহড়ার অভিযোগ ওঠে। এর প্রতিবাদ এবং এলাকা মাদকমুক্ত করার দাবিতে সচেতন নাগরিকদের উদ্যোগে কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায় এবং গুলি ছোড়ে। এতে এক স্কুলছাত্রসহ অন্তত সাতজন আহত হন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, যারা গুলি চালিয়েছে তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তাদের নিয়ন্ত্রণেই স্থানীয় কিশোর গ্যাং পরিচালিত হয়। মাদক ও সন্ত্রাসবিরোধী অবস্থান নেওয়ায় মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, “প্রকাশ্যে মাদক ব্যবসা ও অস্ত্রের মহড়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় এই হামলার ঘটনা ঘটেছে। সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে। তবে ঘটনার পরপরই হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলা ও গুলির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।




Comments