চট্টগ্রাম নগরের চকবাজারে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির মালিকের অভিযোগ, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে বড় সাজ্জাদের সহযোগী পরিচয়ে দুই কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল। সেই দাবি পূরণ না করায় হামলা চালানো হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টা ২১ মিনিটে নগরের চকবাজারের এক্সেস রোডে অবস্থিত ডিডিএন (DDN) কার্যালয়ে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল ঢুকে হামলা চালায়। প্রায় তিন মিনিট ধরে চলা এ হামলায় অফিসের কম্পিউটার, নেটওয়ার্ক সরঞ্জাম ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। একই সঙ্গে কর্মচারীদের বেতন দেওয়ার জন্য রাখা ৩৫ লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।
ডিডিএনের মালিক আদিল বিন মামুন দাবি করেন, ঘটনার দুই দিন আগে বিদেশি একটি নম্বর থেকে ফোন করে নিজেকে 'ডেবিট ইমন' পরিচয় দিয়ে এককালীন দুই কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পাশাপাশি ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে চাঁদা না দেওয়ায় হামলা চালানো হয়েছে বলে তার অভিযোগ।
প্রতিষ্ঠানটির পরিচালক রিদোয়ানুল কবির বলেন, মুখোশধারী হামলাকারীদের কারও হাতে চাইনিজ কুড়াল, হাতুড়ি ও দেশীয় অস্ত্র ছিল। তারা অফিসের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালিয়ে মূল্যবান যন্ত্রপাতি নষ্ট করে এবং নগদ অর্থ লুট করে নিয়ে যায়। হামলার সময় কর্মীদের ভয়ভীতি দেখিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার হাবিবুর রহমান প্রমাণিক বলেন, হুমকির অডিও এবং হামলার ভিডিওসহ সব তথ্য পুলিশ পর্যালোচনা করছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ক্ষতিগ্রস্তদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তাদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, সংবাদে ডেবিট ইমনের বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যাকাণ্ড ও অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।




Comments