বিশ্বকাপের সেমিফাইনাল মানেই চাপ, উত্তেজনা আর শিরোপার স্বপ্ন। কিন্তু ২০২৬ ফিফা বিশ্বকাপের ফ্রান্স-স্পেন লড়াই যেন তারও বেশি কিছু। একদিকে কিলিয়ান এমবাপ্পে নেতৃত্ব দিচ্ছেন ফ্রান্সকে, অন্যদিকে লামিন ইয়ামালের স্পেন টুর্নামেন্টের সবচেয়ে সংগঠিত ও কঠিন রক্ষণ নিয়ে দাঁড়িয়ে আছে। তাই এই ম্যাচের বড় প্রশ্ন আজ স্পেনের রক্ষণদুর্গ কি ভাঙতে পারবেন এমবাপ্পে? নাকি ফরাসি বাধ ভেঙে স্পানিশ নায়ক হবেন লামিনে ইয়ামাল।
বিশ্বকাপে এখন পর্যন্ত স্পেনের সাফল্যের অন্যতম ভিত্তি তাদের রক্ষণ। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তারা মাত্র একটি গোল হজম করেছে, যা টুর্নামেন্টের সেরা রক্ষণাত্মক রেকর্ডগুলোর একটি। শুধু গোল না খাওয়াই নয়, প্রতিপক্ষকে পরিষ্কার সুযোগ তৈরি করতেও খুব কম সুযোগ দিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। মাঝমাঠে বলের দখল ধরে রাখা এবং রক্ষণ থেকে আক্রমণে দ্রুত রূপান্তরের কারণে প্রতিপক্ষকে দীর্ঘ সময় নিজেদের অর্ধে আটকে রাখতেও সফল হয়েছে স্পেন।
অন্যদিকে ফ্রান্সের সবচেয়ে বড় অস্ত্র কিলিয়ান এমবাপ্পে। বড় ম্যাচে তার গতি, এক-এক পরিস্থিতিতে ডিফেন্ডারকে পরাস্ত করার ক্ষমতা এবং গোল করার দক্ষতা ফ্রান্সকে সবসময়ই বাড়তি সুবিধা দেয়। তবে স্পেনের বিপক্ষে তার কাজ সহজ হবে না। কারণ স্পেন শুধু একজন ডিফেন্ডারের ওপর নির্ভর করে না পুরো দল মিলেই রক্ষণ গড়ে তোলে। বল হারানোর সঙ্গে সঙ্গেই দ্রুত প্রেসিং এবং ডিফেন্সিভ শেপে ফিরে যাওয়ার ক্ষমতা তাদের সবচেয়ে বড় শক্তি।
এই ম্যাচের আরেকটি আকর্ষণ লামিন ইয়ামাল। ইউরো ২০২৪ এর সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করে স্পেনকে ফাইনালে তুলেছিলেন তিনি। এরপর ২০২৫ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালেও ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করেছিলেন। ফলে এমবাপ্পের মতোই ইয়ামালও জানেন, বড় মঞ্চে ফ্রান্সের বিপক্ষে কীভাবে পার্থক্য গড়ে দিতে হয়।
সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্স-স্পেন দ্বৈরথও বেশ জমজমাট। ২০২১ নেশনস লিগের ফাইনালে জিতেছিল ফ্রান্স। কিন্তু ইউরো ২০২৪ এর সেমিফাইনাল এবং ২০২৫ নেশনস লিগের সেমিফাইনালে জয় পেয়েছে স্পেন। ফলে সামপ্রতিক মুখোমুখি লড়াইয়ে মানসিক দিক থেকে কিছুটা এগিয়ে লা রোহা।
ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে ম্যাচের আগে বলেছেন, তারা স্পেনকে ভয় পান না, তবে তাদের মান ও রক্ষণাত্মক সংগঠনের প্রতি পূর্ণ সম্মান রয়েছে। তার মতে, এমন প্রতিপক্ষের বিপক্ষে ভুলের কোনো সুযোগ নেই।
এই সেমিফাইনাল তাই শুধু এমবাপে বনাম ইয়ামালের লড়াই নয়। এটি বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগের বিপক্ষে টুর্নামেন্টের অন্যতম সেরা রক্ষণভাগের পরীক্ষা। যদি এমবাপে স্পেনের সুসংগঠিত রক্ষণ ভেঙে দিতে পারেন, তাহলে ফ্রান্সের ফাইনালে ওঠার পথ অনেকটাই পরিষ্কার হবে। আর যদি ইয়ামালদের দল নিজেদের রক্ষণাত্মক শৃঙ্খলা ধরে রাখতে পারে, তাহলে আবারও ইউরোপীয় ফুটবলের নতুন প্রজন্মের শ্রেষ্ঠত্বের আরেকটি বার্তা পৌঁছে যাবে বিশ্বমঞ্চে।




Comments