রেমিটেন্সের পর বিদায়ী এপ্রিল মাসে কমলো রফতানি আয়ও। একক মাসের হিসাবে এপ্রিলে রফতানি আয় কমেছে ১৬ দশমিক ৫২ শতাংশ। এ মাসে রফতানির লক্ষমাত্রা ছিল ৫০৫ কোটি মার্কিন ডলারের। এর বিপরীতে এপ্রিলে রফতানি হয়েছে ৩৯৫ কোটি ৬০ লাখ ডলারের। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২১ দশমিক ৬৭ ভাগ কম। গত বছরের এপ্রিল মাসে মোট রফতানি আয় হয়েছিল ৪৭৩ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার। সে অনুযায়ী গত বছরের এপ্রিল থেকে এ বছরের এপ্রিলে রফতানি আয় কমলো ১৬ দশমিক ৫২ শতাংশ। বুধবার () বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রফতানি আয়ের মাসিক যে তথ্য প্রকাশ করেছে তাতে এসব তথ্য উঠে এসেছে।
এ দিকে ইপিবির তথ্যে আরো জানা যায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের দশ মাসের (জুলাই-এপ্রিল) হিসাবে রফতানিতে আয়ের লক্ষমাত্রা পূরণ না হলেও গত বছরের চেয়ে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৩৮ শতাংশ। এই দশ মাসে রফতানির লক্ষমাত্রা ছিল ৪ হাজার ৭৩১ কোটি ৪০ লাখ ডলারের। এর বিপরীতে আয় হয়েছে ৪ হাজার ৫৬৭ কোটি ৭৬ লাখ ২০ হাজার ডলারের। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে আয় কম হয়েছে ৩ দশমিক ৪৬ শতাংশ। আগের অর্থবছরের (২০২১-২২) দশ মাসে দেশে মোট রফতানি আয় হয়েছিল ৪ হাজার ৩৩৪ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ডলারের। সে হিসাবে গত বছরের দশ মাসের চেয়ে এ বছরের দশ মাসে আয় বেড়েছে ৫ দশমিক ৩৮ শতাংশ।
ইপিবির তথ্যে আরো জানা যায়, অর্থবছরের প্রথম ৯ মাসের চেয়ে দশ মাসে এসে রফতানির প্রধান খাত তৈরি পোশাক রফতানির প্রবৃদ্ধিও কমেছে। জুলাই-মার্চ মাসে যেখানে তৈরি পোশাক খাত থেকে প্রবৃদ্ধি হয়েছিল ১২ দশমিক ১৭ শতাংশ সেখানে জুলাই-এপ্রিলে প্রবৃদ্ধি কমে হেয়েছে ৯ দশমিক শুন্য ৯ শতাংশ। এছাড়া অন্যান্য প্রধান রফতানি পণ্যেরও আয় কমেছে গত দশ মাসের হিসাবে।

