পাগলা ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে আদার দাম। এক মাস আগে ২২০ টাকায় বিক্রি করা চীনা আদা এখন বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। এ ছাড়া অন্যান্য দেশ থেকে আমদানি করা আদার পাশাপাশি দেশি আদার দামও কেজিতে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। সোমবার কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় চীনা আদা বাজার থেকে হাওয়া হয়ে গেছে। একটি মাত্র দোকানে পাওয়া গেলেও সেখানে বিক্রি করছে ৫০০ টাকা কেজি দরে।
দুদিন আগেও বিক্রি হচ্ছিল ৪৬০ টাকায়। আর রমজানে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। মাসের ব্যবধানে কেজিতে আদার দাম বেড়েছে ২৮০ টাকা। এদিকে বাজারে প্রতি কেজি বার্মিজ আদা বিক্রি হচ্ছে ৩০০-৩৫০ টাকা, ইন্দোনেশিয়ার আদা বিক্রি হচ্ছে ৩২০ টাকা, ভিয়েতনামের আদা ২৮০-৩০০ টাকা ও দেশি আদা ৩৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
আদার দাম এত বেশি কেন জানতে চাইলে কারওয়ান বাজারের এক ব্যবসায়ী বলেন, আমদানি করা আদার মধ্যে চীনা আদার চাহিদা অনেক বেশি। আমরা যেই আদা আমদানি করি তার ৫০ শতাংশই চীনা আদা। তবে কয়েক দিন ধরে বাজারে চীনা আদা না আসার কারণে সংকট দেখা দিয়েছে। বাজারে আদা নেই বললেই চলে। যেসব দোকানে আছে তারা বেশি দামে বিক্রি করছে।
দেশে আদার উৎপাদন কম হওয়াও দাম বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করেন ব্যবসায়ীরা। তারা বলেন, দেশে এ বছর আদার উৎপাদন কম হয়েছে। আমদানিও কম হয়েছে। এ জন্য দাম অনেক বেশি। কুরবানি ঈদের আগে আদার দাম কমার সম্ভাবনা নেই বলেও জানান তারা।

