‘বর্তমানে দেশের অর্থনীতি চকচকে, কিন্তু গভীরতা কম, সামান্য ধুলো-বাতাসে এটা কেঁপে ওঠে’। গত বুধবার রাজধানীতে অর্থনীতি বিষয়ক দুটি অনুষ্ঠানে এ ধরনের মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তার এ মন্তব্য নজরে এসেছে অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের।
তারা মনে করছেন, পরিকল্পনামন্ত্রী সহজ-সরলভাবে দেশের অর্থনীতির সঠিক চিত্রটি এককথায় প্রকাশ করেছেন। কোনো অর্থনীতিবিদ বলছেন, সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নিয়ে অর্থনীতিকে ফুলিয়ে-ফাঁপিয়ে বলা হয়েছে। তাই অর্থনীতি ওপরে চকচকে, ভেতরে গভীরতা কম। আবার কেউ বলছেন, অর্থনীতির দুর্বল দিকগুলো অর্থনীতিবিদরা বারবার সরকারের নজরে আনলেও সেগুলো আমলে নেওয়া হয়নি এবং নেওয়া হয়নি সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ। এই কারণেই চকচকে অর্থনীতির গভীরতা কমে গেছে।
পরিকল্পনামন্ত্রী গত বুধবার যে দুটি অনুষ্ঠানে ওই মন্তব্য করেছিলেন, তার একটি ছিল সে দিন সকালে রাজধানীর বনানী শেরাটন হোটেলে। এখানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র প্রণয়ন শীর্ষক কর্মশালায় তিনি মন্তব্য করেন, ‘বর্তমানে দেশের অর্থনীতি চকচকে, কিন্তু গভীরতা কম, সামান্য ধুলো-বাতাসে এটা কেঁপে ওঠে। এখন অর্থনীতির গভীরতা বাড়াতে হবে।’
পরিকল্পনামন্ত্রী আরও বলেছিলেন, আমাদের থেকে ভারতের অর্থনীতির গভীরতা প্রায় ৫০ গুণ। ভারতের অর্থনীতি ধুলো-বাতাসে কেঁপে উঠে না। কারণ অর্থনীতির গভীরতা অনেক। এ কারণে হাওয়ার দোলাটা তাদের একটু কম লাগে। ভারতের এই অর্থনীতি এক দিনে হয়নি। শতবর্ষের প্রচেষ্টায় হয়েছে। আমরাও সেই প্রচেষ্টায় আছি। ভালোভাবেই আছি। আমাদের অর্থনীতিতে ওপরে যথেষ্ট চাকচিক্য এসেছে। এখন গভীরতা বাড়াতে হবে। অর্থনীতির গভীরতা বাড়ানোর জন্য কিছু কৌশল অনুসরণ করতে হবে। আমারা সেই কাজটাই করব যেটা করলে অর্থনীতির গভীরতা বাড়ে।
একই দিন দুপুরে অর্থনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পরবর্তী আলোচনা সভায়ও পরিকল্পনামন্ত্রী একই ধরনের মন্তব্য করেন।
তার এ মন্তব্যের আলোকে অর্থনীতিবিদদের কাছে জানতে চাওয়া হয়, চকচকে অর্থনীতির গভীরতাটা আসলে কোন কোন জায়গায় কম। এ বিষয়ে একেক অর্থনীতিবিদ একেক রকম মন্তব্য করেছেন। তবে সবার কথার মধ্যেই সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ বা সংস্কার না করায় অর্থনীতির গভীরতা কমেছে। শুধু তাই নয়, অর্থনীতিবিদরা চকচকে অর্থনীতির গভীরতা কমার পেছনে সুস্পষ্ট কিছু কারণও উল্লেখ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে টালমাটাল ডলারের বাজার, রেকর্ড মূল্যস্ফীতির চাপ, দীর্ঘদিন টাকার অতি মূল্যায়ন, ব্যাংকঋণের সুদহার বেঁধে দেওয়া, প্রাতিষ্ঠানিক সংস্কার না করা, ব্যাংকিং খাতে প্রয়োজনীয় সংস্কারের অভাব, খেলাপি ঋণ ও টাকা পাচার বেড়ে যাওয়া, অর্থনীতির সুব্যবস্থাপনায় ঘাটতি এবং বাজার সিন্ডিকেট ভাঙতে না পারা।
এ বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান সময়ের আলোকে বলেন, অর্থনীতির চ্যালেঞ্জ বলি বা গভীরতা কমার কারণ হিসেবে বলি, এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। বিগত কয়েক বছরে দেশে মূল্যস্ফীতি বেড়েছে অস্বাভাবিক। দেশের মানুষের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এখন মূল্যস্ফীতির বাড়তি চাপে। আমরা বিভিন্ন সময় মূল্যস্ফীতি কমানোর জন্য নানা রকম পরামর্শ দিয়েছি সরকারকে। আমলে নেওয়া হয়নি। ডলার সংকটের কারণে রিজার্ভ কমতে কমতে বলা যায় তলানিতে ঠেকে গেছে। গত বছরের এই সময়ও যেখানে দেশে রিজার্ভের পরিমাণ ছিল ৪২ বিলিয়ন ডলারেরও বেশি, এখন সেটি নেমে এসেছে ২৯ বিলিয়ন ডলারের ঘরে। যদিও প্রকৃত রিজার্ভের পরিমাণ আরও কম। সরকার দীর্ঘ দিন ডলারের রেট ধরে রেখে টাকার অতিমূল্যায়ন করেছে। এ বিষয়েও আমরা সতর্ক করেছি গত প্রায় ২-৩ বছর ধরে। আমরা বলেছি ধাপে ধাপে এক্সচেঞ্জ রেট ঠিক করা হোক। আমাদের পরামর্শ আমলে নেয়নি সরকার। শেষ পর্যন্ত যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখন একবারে ২৫ থেকে ৩০ শতাংশ অতিমূল্যায়ন করা হলো ডলারের। মূলত এই একটি কারণেই অর্থনীতির অনেক ভিত নাজুক করে দিয়েছে।
তিনি আরও বলেন, একইভাবে সরকার ব্যাংকের সুদহার দীর্ঘ দিন ধরে রাখে। এ বিষয়েও আমরা বলেছি, সুদহার সমন্বয় করার দরকার। ব্যাংকঋণের সুদ ৯/৬-এর হার বেঁধে দিয়েছিল। আমরা বলেছিলাম এটি তুলে নিতে। সরকার সেটি তুলল ঠিকই, কিন্তু তত দিনে দেশের অর্থনীতির ক্ষত অনেক বেড়ে গেল। আমরা দীর্ঘদিন ধরে আর্থিক খাতের সংস্কারের কথা বলেছি, প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে আর্থিক খাতেও সময়মতো প্রয়োজনীয় সংস্কার করা হয়নি। সেখানে অনেক ধরনের ব্যত্যয় ঘটেছে। ব্যাংকিং খাতের সংস্কারের কথা বলেছি, সেখানেও কিছু করা হয়নি। আমরা রাজস্ব বোর্ডের সংস্কার চেয়েছি, রাজস্ব বোর্ডকে গতিশীল করতে সুপারিশ করেছি আমরা-এসবের কোনোটিই আমলে নেওয়া হয়নি। যার কারণেই দেশের অর্থনীতির অনেক ক্ষত বেড়ে গেছে। এখন সেগুলোর অনেকটা ফুটে উঠছে।’
চকচকে অর্থনীতির গভীরতার কমার বিষয়ে আরেক অর্থনীতিবিদ ও সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ সময়ের আলোকে বলেন, ‘সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নিয়ে অর্থনীতিকে ফুলিয়ে-ফাঁপিয়ে বলা হয়েছে-তাই অর্থনীতি ওপরে চকচকে-ভেতরে গভীরতা কম। পরিকল্পনামন্ত্রী হয়তো সহজ-সরলভাবেই অর্থনীতির প্রকৃত রূপটি তুলে ধরেছেন অল্প কথায়। আসলে দুর্বল কাঠামোর ওপরে কোনো স্থাপনা যেমন বেশি দিন টেকে না, তেমনই দুর্বল অর্থনৈতিক কাঠামোর অর্থনীতির রুগ্নদশাও এক সময় ফুটে ওঠে।
আরেক অর্থনীতিবিদ ও বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন এ বিষয়ে সময়ের আলোকে বলেন, বর্তমানে দেশের অর্থনীতির যেমন কিছু ভালো দিক রয়েছে, তেমনই কিছু খারাপ দিকও রয়েছে। খারাপ দিকের মধ্যে সবচেয়ে বেশি যেটি এখন নজরে পড়ে সেটি হলো, খেলাপি ঋণের উল্লম্ফন এবং ও লাগামছাড়া টাকা পাচার। এই দুটি দিকের লাগাম টেনে না ধরায় অর্থনীতির ক্ষত বেড়েছে-এটি নিঃসন্দেহে বলা যায়।

