Image description

ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হওয়ার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন টেসলার প্রধান ইলন মাস্ক। এখন তাঁর সম্পদমূল্য প্রায় ৭৮০ বিলিয়ন বা ৭৮ হাজার কোটি ডলার। শিগগিরই ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে তার সম্পদমূল্য এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলার হয়ে যাবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

গণমাধ্যম সূত্রে আনা গেছে, চলতি মাসের শুরুতে মাস্কের প্রতিষ্ঠান এক্সএআই হোল্ডিংস বিনিয়োগকারীদের কাছ থেকে ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে। কোম্পানির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ বিলিয়ন বা ২৫ হাজার কোটি ডলার।

গত মার্চে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্টার্টআপ এক্সএআইকে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি এক্সের (সাবেক টুইটার) সঙ্গে একীভূত করার সময় ইলন মাস্ক জানিয়েছিলেন, নতুন কোম্পানিটির মূল্য হবে ১১৩ বিলিয়ন ডলার বা ১১ হাজার ৩০০ কোটি ডলার। তবে বাস্তবে দেখা যাচ্ছে, কোম্পানিটির বাজারমূল্য ওই ঘোষিত অঙ্কের তুলনায় অনেক বেশি।

গণমাধ্যমের হিসাবে, এই চুক্তির ফলে এক্সএআই হোল্ডিংসে মাস্কের ৪৯ শতাংশ শেয়ারের মূল্য ৬২ বিলিয়ন ডলার বেড়ে দাঁড়িয়েছে ১২২ বিলিয়ন বা ১২ হাজার ২০০ কোটি ডলার।

এই পরিস্থিতিতে এক্সএআইয়ে বিনিয়োগ করা অন্য বিনিয়োগকারীরাও বড় ধরনের লাভের মুখ দেখেছেন। তাঁদের মধ্যে আছেন টুইটারের প্রাথমিক বিনিয়োগকারী সৌদি আরবের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল আল সৌদ, টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি ও ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। এলিসন ২০২২ সালে মাস্কের টুইটার অধিগ্রহণের (মোট মূল্য ছিল ৪৪ বিলিয়ন ডলার) সময় ১০০ কোটি ডলার বিনিয়োগ করেছিলেন।

গণমাধ্যমের হিসাব অনুযায়ী, প্রিন্স আলওয়ালিদের কাছে এক্সএআই হোল্ডিংসে আনুমানিক ১ দশমিক ৬ শতাংশ শেয়ার রয়েছে, যার মূল্য প্রায় চার বিলিয়ন ডলার (এ হিসাবের বাইরে তাঁর তালিকাভুক্ত কোম্পানি কিংডম হোল্ডিং কোম্পানির মাধ্যমে রাখা বড় অংশটি ধরা হয়নি।) এর ফলে তাঁর মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৯ দশমিক ৪ বিলিয়ন ডলার।

অন্যদিকে টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি ও ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের প্রত্যেকের কাছেই এখন এক্সএআই হোল্ডিংসে আনুমানিক শূন্য দশমিক ৮ শতাংশ শেয়ার রয়েছে, যার মূল্য প্রায় ২১০ কোটি ডলার। এতে ডরসির মোট সম্পদ বেড়ে হয়েছে প্রায় ৬০০ কোটি ডলার। এলিসনের সম্পদ বেড়ে হয়েছে প্রায় ২৪১ বিলিয়ন বা ২৪ হাজার ১০০ কোটি ডলার।