Image description

অন্তর্বর্তী সরকার দেশের ঋণ পরিস্থিতি যেভাবে পেয়েছিল, তার চেয়েও আরও বেশি নাজুক ও ভঙ্গুর অবস্থায় রেখে গেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘নতুন সরকারের সূচনাবিন্দু: অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "অন্তর্বর্তী সরকার বন্দরসহ যেসব বৈদেশিক চুক্তি করেছে, সেগুলো জাতীয় স্বার্থে পুনর্বিবেচনা করা প্রয়োজন। এছাড়া নতুন সরকারের জন্য একটি বিশেষ সতর্কতা হলো—টাকা ছাপানোর চিন্তা স্বপ্নেও করা ঠিক হবে না। এটি অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।" 

তিনি আরও পরামর্শ দেন, বর্তমান অর্থবছরে ‘ফ্যামিলি কার্ড’ ব্যবস্থা কার্যকর না করাই ভালো হবে।

সরকারের স্বচ্ছতা ও আইনের শাসন প্রসঙ্গে তিনি বলেন, "বর্তমান সরকারকে আইনের শাসন প্রমাণ করতে হবে। এর প্রতিফলন ঘটাতে মন্ত্রী এবং সংসদ সদস্যদেরও আইনের আওতায় আনতে হবে, যাতে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে না থাকে।"

একই সংবাদ সম্মেলনে সিপিডির আরেক সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান দেশীয় ও আঞ্চলিক বাণিজ্যের স্বার্থে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়, ঋণের কিস্তি পরিশোধের চাপ আগামী দিনে আরও বাড়বে, যা নতুন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এছাড়া ট্যাক্স-জিডিপি রেশিও যদি ১৫ শতাংশে উন্নীত না করা যায়, তবে সরকারের উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে।

মানবকণ্ঠ/ডিআর