আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পবিত্র ঈদুল ফিতরের দিন ব্যতীত ছুটির পুরো সময়ে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এনবিআর সূত্র জানায়, গত সোমবার (৯ মার্চ) এ সংক্রান্ত একটি দাপ্তরিক আদেশ জারি করা হয়েছে এবং ইতিমধ্যে দেশের সব কাস্টমস কমিশনারের কাছে এই প্রজ্ঞাপন পাঠানো হয়েছে। মূলত তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ-র বিশেষ অনুরোধের প্রেক্ষিতে এনবিআর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সুবিধার্থে এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এফবিসিসিআই, ফরেন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশন এবং শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে ঈদের ছুটির সময়েও বন্দরে পণ্য খালাস ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে, যা দেশের বৈদেশিক বাণিজ্যে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments