দেশের জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যেই বড় ধাক্কা এলো বিমান খাতে। বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম এক লাফে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (২৪ মার্চ) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে। নতুন এই দাম আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মার্চ মাসে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহারের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছে। অর্থাৎ, দেশের অভ্যন্তরীণ রুটে লিটারপ্রতি দাম বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা।
অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ব্যবহৃত জেট ফুয়েলের দামও বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার ফুয়েলের দাম শূন্য দশমিক ৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, জেট ফুয়েলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটে বিমান ভাড়া ব্যাপকভাবে বেড়ে যেতে পারে, যা পর্যটন ও এভিয়েশন খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments