দেশের রেমিট্যান্স বা প্রবাসী আয়ের পালে হাওয়া লেগেছে। চলতি মার্চ মাসের প্রথম ২৩ দিনেই দেশে ২৮২ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশে মোট ২৮২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৬৩ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে।
চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসীদের পাঠানো আয়ের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। তথ্যমতে, গত জুলাই থেকে চলতি বছরের ২৩ মার্চ পর্যন্ত দেশে মোট ২ হাজার ৫২৮ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এটি প্রায় ১৯ দশমিক ৭০ শতাংশ বেশি।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। আর জানুয়ারি মাসে এসেছিল ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা ছিল দেশের ইতিহাসে কোনো একক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।
অর্থনীতিবিদরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের উৎসাহ প্রদান এবং ডলারের বিনিময় হার পুনর্নির্ধারণের ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে আরও আগ্রহী হচ্ছেন। রেমিট্যান্সের এই প্রবাহ বজায় থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments