দেশে জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতিতে রাতে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, রাতের বেলা ‘দুষ্টু ছেলেদের বিশৃঙ্খলা’ এবং নিরাপত্তার অভাব বোধ করায় তারা এই সিদ্ধান্ত নিতে চান।
পাম্প মালিকদের প্রস্তাব অনুযায়ী, ছোট যানবাহনের জন্য প্রয়োজনীয় পেট্রোল ও অকটেন প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বিক্রি করা হবে। তবে ডিজেল সরবরাহ আগের মতোই ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন রাখার কথা জানানো হয়েছে, যাতে পণ্যবাহী ও দূরপাল্লার পরিবহনের চলাচলে কোনো ব্যাঘাত না ঘটে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নাজমুল হক বলেন, “রাতের বেলা পাম্পে শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। পাম্পে হামলা বা অগ্নিসংযোগের শঙ্কা কাজ করে। তাই আমরা বিক্রির সময়সীমা নির্ধারণের প্রস্তাব করেছি।” এছাড়া তিনি ট্যাংক লরির চেম্বার পূর্ণ করে (সাড়ে ৪ হাজার লিটার) তেল সরবরাহ নিশ্চিত করা এবং পাম্পগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের দাবি জানান।
তেল থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল হক দাবি করেন, বর্তমানে প্রতিটি পাম্পে সরকারি ‘ট্যাগ অফিসার’ নিয়োজিত থাকায় কারসাজির সুযোগ নেই। তিনি বর্তমান পরিস্থিতিকে ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা হিসেবে অভিহিত করেন। তার মতে, চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি থাকায় অনেক সময় পাম্পে ‘ড্রাই’ পরিস্থিতি তৈরি হচ্ছে।
মালিক পক্ষ আরও জানায়, ট্যাংক লরি পূর্ণ করে তেল না দিলে পরিবহন খরচ বেড়ে যায় এবং চুরির আশঙ্কা থাকে। সংবাদ সম্মেলনে অযথা পাম্প মালিকদের ওপর দোষারোপ না করতে এবং সরকারি মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments