Image description

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরিতে দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। 

আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (১ এপ্রিল) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৬ হাজার ২৭৯ টাকা করা হয়েছে।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের ৫,৪২৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৬৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৩১ মার্চ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২,৪৪,৭১১ টাকা, ২১ ক্যারেট ২,৩৩,৫৭১ টাকা, ১৮ ক্যারেট ২,০০,২১২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১,৬৩,০৬৩ টাকা নির্ধারণ করা হয়।

প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২,৮৬,০০১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম হিসেবে রেকর্ড গড়ে।