দেশের ব্যাংকিং খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী জুনের মধ্যে দেশের সব তফসিলি ব্যাংককে ‘বাংলা কিউআর’ অ্যাপস ব্যবহারের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। মূলত রাজস্ব বৃদ্ধি এবং ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন জনপ্রিয় করতেই এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ব্যাংকে ইলেকট্রনিক মিডিয়ার বিজনেস এডিটরদের সঙ্গে এক মতবিনিময় সভায় গভর্নর এই নতুন নির্দেশনার কথা জানান।
গভর্নর মোস্তাকুর রহমান বলেন, বিগত সময়ে রাজনৈতিক প্রভাবের কারণে ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে এখন থেকে আর কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না। তিনি ব্যাংকগুলোকে খেলাপি ঋণ কমিয়ে আনতে প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার এবং যথাযথ যাচাই-বাছাইয়ের নির্দেশ দেন।
‘বাংলা কিউআর’ সম্পর্কে গভর্নর আশা প্রকাশ করেন যে, এটি চালুর মাধ্যমে দেশে নগদবিহীন লেনদেন কয়েকগুণ বৃদ্ধি পাবে, যা সরাসরি জাতীয় রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব ফেলবে। উল্লেখ্য, বাংলা কিউআর হলো বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি জাতীয় কিউআর কোড। স্মার্টফোন দিয়ে এই কোড স্ক্যান করে ব্যাংকের অ্যাপের মাধ্যমে অতি দ্রুত এবং সুরক্ষিতভাবে ডিজিটাল পেমেন্ট করা যায়। এটি একটি স্পর্শবিহীন প্রযুক্তি হওয়ায় গ্রাহকদের টাকা বহন বা স্পর্শ করার প্রয়োজন পড়ে না।
ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এবং আধুনিকায়ন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের এই কঠোর অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।
মানবকণ্ঠ/আরআই




Comments