ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদে নতুন দুই সদস্য হিসেবে যোগ দিয়েছেন তাবিথ আউয়াল। তার সাথে নাজনীন আহমেদও সদস্য হিসেবে যোগ দিয়েছেন। ব্যাংক-কম্পানি আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট ধারার আওতায় বাংলাদেশ ব্যাংক তাদের পরিচালক হিসেবে নিয়োগ দেয়।
রোববার (৫ এপ্রিল) পরিচালনা পর্ষদের ৫৪১তম সভায় নতুন দুজন পরিচালক অংশগ্রহণ করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন; ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন, ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মো. জুলকার নায়েন, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মুনীর আহমেদ চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী।
তাবিথ আউয়াল ব্যাংকিং, বীমা, রিয়েল এস্টেট, জ্বালানি, কৃষি, টেক্সটাইল এবং তথ্যপ্রযুক্তি খাতে একজন সুপরিচিত ব্যবসায়ী ও উদ্যোক্তা। বর্তমানে তিনি মাল্টিমোড গ্রুপ-এর ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বর্তমানে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সভাপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন।
তাবিথ আউয়াল যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
তার পাশাপাশি নাজনীন আহমেদ ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। তিনি ডাই অ্যাফিন লিমিটেড ও অফিসিনা বিডি লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দুজনের এই পরিচালক নিয়োগের তথ্য ব্যাংকের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।




Comments