Image description

ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারকে হাইকোর্ট জামিন দিয়েছেন। সোমবার বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেন-এর অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে আদালত জানতে চেয়েছে কেন আবুল সরকারকে স্থায়ী জামিন দেওয়া হবে না।

আবুল সরকারের আইনজীবী গাজী কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাইকোর্ট তাকে ৬ মাসের জামিন দেওয়ায় তার মুক্তিতে কোন বাধা নেই।

এরআগে গত ৮ ডিসেম্বর আবুল সরকারের জামিন দ্বিতীয়বারের মতো নামঞ্জুর করেন আদালত। তার আগে ২৩ নভেম্বর প্রথম জামিন শুনানি হয়। ওইদিনও বিচারক জামিন নামঞ্জুর করেন। 

গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা করে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তাঁর মন্তব্যের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। পরে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল।

এরপর ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ নামের এক ব্যক্তি বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।