Image description

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম একলাফে প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (১২ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি এই নতুন মূল্য তালিকা ঘোষণা করে। আজ রাত ১২টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস তেলের বর্তমান দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, আগে ফার্নেস তেলের দাম নির্ধারণের দায়িত্ব ছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ওপর। তবে অন্তর্বর্তী সরকার মূল্য নির্ধারণের এই ক্ষমতা বিইআরসির হাতে ন্যস্ত করার পর গত ফেব্রুয়ারি মাসে প্রথমবারের মতো সংস্থাটি দাম ঘোষণা করেছিল। আজ দ্বিতীয়বারের মতো তেলের দাম সমন্বয় করল বিইআরসি।

বিপিসির অধীনস্থ চার তেল বিপণনকারী প্রতিষ্ঠান— পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল এখন থেকে নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে। ফার্নেস তেলের প্রধান ক্রেতা সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। ফলে এই মূল্য বৃদ্ধির প্রভাবে বিদ্যুৎ উৎপাদন খরচও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিপিসি ও চার বিপণন কোম্পানির প্রস্তাবের ওপর ভিত্তি করে গত ২৯ জানুয়ারি গণশুনানি শেষে বিইআরসি এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করে।

মানবকণ্ঠ/আরআই