জুলাই বিপ্লবের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট সমাধানের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ
গণভোটের গণরায় বাস্তবায়ন এবং দেশে বিরাজমান জ্বালানি তেলের সংকট দ্রুত সমাধানের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার কাঁচপুর এলাকায় ১১ দলীয় ঐক্য, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক অভিযাত্রাকে অস্বীকার করে সরকার আবারও একদলীয় দুঃশাসনের দিকে ধাবিত হচ্ছে। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটের মাধ্যমে ‘জুলাই সনদের’ পক্ষে রায় দিলেও বর্তমান সরকার জনগণের সেই প্রত্যাশাকে তোয়াক্কা করছে না।”
সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসনের অবসান ঘটাতে প্রায় দুই হাজার শহীদ ও ৩০ হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে যে জুলাই বিপ্লব হয়েছে, তা কোনো ব্যক্তি বা বিশেষ দলের নয়; এটি এ দেশের আপামর জনগণের মুক্তির আন্দোলন। তাঁরা অভিযোগ করেন, সংবিধানের দোহাই দিয়ে আবারও একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে, যা জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী।
বক্তারা অবিলম্বে ১৯৭২ সালের সংবিধান সংস্কারের জন্য ‘সংবিধান সংস্কার পরিষদ’ আহ্বান, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ চালু, গুম প্রতিরোধ ও মানবাধিকার অধ্যাদেশসহ জুলাই সনদের সকল প্রস্তাব বাস্তবায়নের দাবি জানান।
জ্বালানি সংকট প্রসঙ্গে নেতারা বলেন, সরকার সংকট নেই বললেও বাস্তবে পরিবহন, শিল্প ও বাণিজ্য খাতে চরম অস্থিরতা বিরাজ করছে। এই সংকট মোকাবিলায় সংসদে প্রতিনিধিত্বকারী সকল দলের সমন্বয়ে একটি কমিটি গঠন করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জুবায়ের সরদারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন এবি পার্টির জেলা আহ্বায়ক মো. শাহজাহান বেপারী, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা এমদাদুল্লাহ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল কাঁচপুর ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মানবকণ্ঠ/ডিআর




Comments