Image description

২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৭৮ দশমিক ০৬৭ বিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বিদেশি ঋণের পরিমাণ, ঋণ পরিশোধের পদক্ষেপ এবং বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত কত ঋণ পরিশোধ করা হয়েছে, তা জানতে চেয়েছিলেন।

জবাবে অর্থমন্ত্রী বলেন, “ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের মোট পরিমাণ ৭৮ দশমিক ০৬৭ বিলিয়ন মার্কিন ডলার। সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) নিয়মিতভাবে এই ঋণ পরিশোধের দায়িত্ব পালন করে থাকে। প্রতি অর্থবছর ঋণের আসল ও সুদ পরিশোধের জন্য সম্ভাব্য ব্যয়ের একটি প্রক্ষেপণ বা প্রাক্কলন তৈরি করা হয় এবং সেই অনুযায়ী বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়। এই বরাদ্দ ব্যবহার করেই সারা বছরের ঋণ পরিশোধ সূচি অনুসরণ করা হচ্ছে।”

বর্তমান সরকারের ঋণ পরিশোধের তথ্য তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।

সংসদীয় অধিবেশনে মন্ত্রীর এই বক্তব্যে দেশের বৈদেশিক ঋণের বর্তমান চিত্র এবং ঋণ ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গেছে।

মানবকণ্ঠ/আরআই