Image description

আগামী মে মাসের জন্য দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এপ্রিল মাসে নির্ধারিত দামেই মে মাসেও ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন বিক্রি হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মে মাসেও প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা দরে বিক্রি হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই মূল্যহার ১ মে থেকে কার্যকর থাকবে।

উল্লেখ্য, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে গত ১৮ এপ্রিল বাংলাদেশে শেষবার তেলের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা করা হয়। এছাড়া প্রতি লিটার অকটেন ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সরকার গত ১৯ এপ্রিল থেকে কার্যকর হওয়া সেই বর্ধিত মূল্যই মে মাসের জন্য বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে পরিবহন ও কৃষি খাতে নতুন করে ব্যয়ের চাপ বাড়বে না বলে আশা করা হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই