Image description

দেশের প্রবাসী আয়ে (রেমিট্যান্স) বইছে রেকর্ড জোয়ার। চলতি এপ্রিল মাসের প্রথম ২৯ দিনেই দেশে ৩০০ কোটি ২০ লাখ মার্কিন ডলার (৩.০০২ বিলিয়ন) রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতিদিনের গড় হিসেবে দেশে এসেছে ১০ কোটি ৩৫ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এই রেমিট্যান্স প্রবাহ বেড়েছে উল্লেখযোগ্য হারে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্সের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন। গত বছরের এপ্রিলে একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৬০ কোটি ৮০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২ হাজার ৯২১ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। বছর ব্যবধানে যা প্রায় ১৯ দশমিক ৮০ শতাংশ বেশি।

এর আগে গত মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল দেশের ইতিহাসের যে কোনো এক মাসের সর্বোচ্চ। চলতি বছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেও ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল। গত ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার।

উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা রেকর্ড ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা ছিল নির্দিষ্ট কোনো অর্থবছরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। বর্তমান গতিধারা বজায় থাকলে এই অর্থবছর শেষে সেই রেকর্ডও ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

মানবকণ্ঠ/আরআই