দেশের অর্থনীতিতে সুবাতাস বইয়ে দিয়ে মে মাসের শুরুতেই প্রবাসী আয়ে বড় উল্লম্ফন দেখা দিয়েছে। চলতি মে মাসের মাত্র প্রথম ৩ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৩১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে প্রবাসীরা পাঠিয়েছেন ১০ কোটি ৫০ লাখ ডলার। সোমবার (৪ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের মে মাসের প্রথম ৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল মাত্র ৮ কোটি ৮০ লাখ ডলার। সেই তুলনায় এ বছর একই সময়ে রেমিট্যান্স প্রবাহে ব্যাপক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
চলতি ২০২৩-২৪ অর্থবছরের শুরু থেকে (জুলাই থেকে ৩ মে পর্যন্ত) দেশে মোট ২ হাজার ৯৬৪ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২০ দশমিক ৪০ শতাংশ বেশি। ব্যাংকিং চ্যানেলে ডলারের দাম বৃদ্ধি এবং হুন্ডি বন্ধে কড়াকড়ি আরোপের ফলে বৈধ পথে রেমিট্যান্স আসার পরিমাণ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে, গত এপ্রিল মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। আর মার্চ মাসে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেও প্রবাসী আয়ের পরিমাণ ৩০০ কোটি ডলারের ওপরে ছিল।
প্রবাসী আয়ের এই ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
মানবকণ্ঠ/আরআই




Comments