Image description

আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির ক্ষত বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘বিগত সরকারের আমলের প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা এখন আমাদের কাঁধে। এই বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করে দেশকে স্বাবলম্বী করতে কমপক্ষে দুই বছর সময় লাগবে।’

বুধবার (১৩ মে) রাজধানীর উত্তরায় মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর চূড়ান্ত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতি পুনর্গঠন করতে হলে আমাদের জাতীয় ঐক্যের বিকল্প নেই। এই কঠিন সময়ে আমাদের কেউ যেন রাজনৈতিকভাবে বিভাজিত করতে না পারে, সেদিকে কঠোর নজর রাখতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তবে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া এই বিশাল ঋণের বোঝা থেকে উত্তরণ সম্ভব হবে না।’

বিগত দিনের ধর্মীয় অসহিষ্ণুতার চিত্র তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, ‘একটি নির্দিষ্ট সময়ে দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো। পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সাম্প্রদায়িক ও ধর্মীয় বিরোধ সৃষ্টি করা হয়েছে। তবে সেই দিন এখন শেষ। আজকের এই প্রতিযোগিতার সুন্দর আয়োজনই প্রমাণ করে যে, দেশে এখন শান্তিপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিবেশ বিরাজ করছে।’

অনুষ্ঠানে দেশবরেণ্য আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং ইসলামের সঠিক মর্মবাণী সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

মানবকণ্ঠ/আরআই