পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংকিং খাত দ্রুত বিকেন্দ্রীভূত করা হবে: অর্থমন্ত্রী
দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে পুঁজিবাজার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ব্যাংকিং খাতকে দ্রুত সময়ের মধ্যে বিকেন্দ্রীভূত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২০ মে) রাজধানীর কারওয়ান বাজারে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) আয়োজিত এক সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, “বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনীতি এক চরম অস্থিরতার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। এর ফলে দেশের অনেক গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর হয়ে পড়েছে। এই অচলবস্থা কাটাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোকে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা হাতে নিয়েছি।”
ব্যাংকের মালিকানা নিয়ে কঠোর বার্তা দিয়ে অর্থমন্ত্রী বলেন, “কোনো ব্যক্তি নিজেকে ব্যাংকের একক মালিক দাবি করতে পারেন না। ব্যাংকের প্রকৃত মালিক হলেন শেয়ারহোল্ডাররা, আর ব্যাংকে থাকা অর্থের প্রকৃত মালিক হলেন সাধারণ আমানতকারীরা। এই ধারণাটি সবার মনে রাখা প্রয়োজন।”
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, “অতীতে দেশের আর্থিক রিপোর্টিং ব্যবস্থা ছিল চরম খামখেয়ালিপনায় ভরা। ভুয়া ও ত্রুটিপূর্ণ রিপোর্টের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সম্পদের সঠিক মূল্যায়ন না করেই বড় বড় অংকের ঋণ দেওয়ার ফলে ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পাহাড় জমেছে এবং একের পর এক বড় আর্থিক কেলেঙ্কারি ঘটেছে। এই অবস্থা থেকে উত্তরণে কঠোর নজরদারি প্রয়োজন।”
অনুষ্ঠানে অর্থ ও ব্যাংকিং খাতের বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন। তারা দেশের সামগ্রিক অর্থনীতি পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
মানবকণ্ঠ/আরআই




Comments