Image description

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রথিতযশা পেশাদার ও বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান। একই সঙ্গে কমিশনার হিসেবে আরও তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিএসইসিতে নতুন নিয়োগ পাওয়া তিন কমিশনার হলেন—ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ আল তারিক, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী নাহিদ মাহতাব এবং আশা ইন্টারন্যাশনালের পরিচালক (অর্থ) তানভীর হাবিব রহমান।

এর আগে আজ সকালেই বিএসইসির বিদায়ী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং অন্য চার কমিশনার—মু. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফউদ্দিন অর্থ মন্ত্রণালয়ে তাঁদের পদত্যাগপত্র জমা দেন। মূলত পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবির মুখেই এই গণপদত্যাগ ও নতুন নেতৃত্বের আগমন ঘটল।

অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট বিনিয়োগকারী ও বাজার বিশ্লেষকরা আশা করছেন, অভিজ্ঞ পেশাদারদের সমন্বয়ে গঠিত এই নতুন কমিশন দেশের পুঁজিবাজারে আস্থা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হবে।

মানবকণ্ঠ/আরআই