Image description

প্রস্তাবিত বাজেটে বৈদেশিক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা এবং বিভিন্ন খাতে বড় অঙ্কের থোক বরাদ্দ দেশের আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট অধিবেশন থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই শঙ্কার কথা জানান।

ড. দেবপ্রিয় বলেন, বাজেটে উদারীকরণ, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং একটি ‘মানবিক অর্থনীতি’ গড়ার লক্ষ্যের কথা বলা হয়েছে। সেখানে যুবসমাজ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে যুক্ত করা হয়েছে। তবে এই নীতিগত লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য যে ধরনের শক্ত আর্থিক ভিত্তি প্রয়োজন, সেটি প্রস্তাবিত বাজেটে অত্যন্ত দুর্বল।

তিনি আরও উল্লেখ করেন, সরকার যে আর্থিক কাঠামো দাঁড় করিয়েছে, তাতে বিপুল পরিমাণে বৈদেশিক ঋণের সংস্থান রাখা হয়েছে। এছাড়া অনেক ক্ষেত্রেই বড় বড় থোক বরাদ্দ দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে চরম দুশ্চিন্তার কারণ হতে পারে।

এই অর্থনীতিবিদের মতে, প্রস্তাবিত এই বাজেট কাগজে-কলমে যতই ভালো হোক না কেন, এর মূল সাফল্য নির্ভর করছে কার্যকর বাস্তবায়নের ওপর। অর্থনৈতিক সংস্কারের ধারাবাহিকতা বজায় রেখে সরকার কতটা দক্ষতার সঙ্গে এই বাজেট বাস্তবায়ন করতে সক্ষম হবে, সেটাই আগামী দিনের সবচেয়ে বড় পরীক্ষা।

মানবকণ্ঠ/আরআই