দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংকের গভীর তারল্য সংকট মোকাবিলায় আড়াই হাজার কোটি টাকার জরুরি আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই তারল্য সহায়তার পরপরই রোববার (১৪ জুন) বিকেলে ব্যাংকটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ইসলামী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), দুইজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন। বৈঠকে ব্যাংকের বর্তমান পরিস্থিতি এবং তারল্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমানতকারীদের নগদ টাকা উত্তোলনের অস্বাভাবিক চাপ সামাল দিতে ইসলামী ব্যাংক ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছিল। তার বিপরীতে প্রাথমিকভাবে আড়াই হাজার কোটি টাকা প্রদান করেছে কেন্দ্রীয় ব্যাংক। মূলত ১ জুন থেকে ১০ দিনের ব্যবধানে গ্রাহকদের আমানত তোলার হিড়িক সামলাতেই এই ত্বরিত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ৯ জুন পর্যন্ত মাত্র ৯ দিনে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা। এর মধ্যে প্রথম সাত দিনেই উত্তোলন করা হয় ৪ হাজার ২০৪ কোটি টাকা। এতে কয়েকটি শাখা ও এটিএম বুথে নগদ অর্থের তীব্র সংকট দেখা দেয়। ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সাধারণ গ্রাহকদের মধ্যে অনাস্থা তৈরি হওয়া এবং ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের’ আন্দোলনের প্রভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে গভর্নর মোস্তাকুর রহমান গ্রাহকদের আশ্বস্ত করে বলেছেন, আমানতকারীদের ভয়ের কোনো কারণ নেই, তাদের অর্থ সম্পূর্ণ নিরাপদ। প্রয়োজন অনুযায়ী ব্যাংকটিকে আরও আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয় বিবেচনায় রয়েছে বলেও তিনি জানান।
মানবকণ্ঠ/ডিআর




Comments