Image description

বিশ্বব্যাপী জ্বালানি সংকট, পণ্য আমদানি বৃদ্ধি এবং রপ্তানি প্রত্যাশামতো না বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) বাংলাদেশের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময়ে ঘাটতি বেড়েছে প্রায় সাড়ে ৪ বিলিয়ন ডলার বা ২৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ ব্যালান্স অব পেমেন্ট (বিওপি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বাণিজ্য ঘাটতি ছিল ২২ দশমিক ২১ বিলিয়ন ডলার। মে মাস শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে। অর্থাৎ, এক মাসেই বাণিজ্য ঘাটতি বেড়েছে ১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

গত অর্থবছরের একই সময়ে (জুলাই-মে) বাণিজ্য ঘাটতি ছিল ১৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ঘাটতি বেড়েছে প্রায় ৪ দশমিক ৬১ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৪ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে দেশে মোট ৬৪ দশমিক ২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছে। বিপরীতে একই সময়ে রপ্তানি হয়েছে ৪০ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলারের পণ্য।

অন্যদিকে, বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের (কারেন্ট অ্যাকাউন্ট) ঘাটতি কিছুটা কমেছে। জুলাই-মে সময়ে এ ঘাটতি দাঁড়িয়েছে ৩০ কোটি ১০ লাখ ডলার। এর আগের মাসে (জুলাই-এপ্রিল) এই ঘাটতি ছিল ১ দশমিক ২৩ বিলিয়ন ডলার। আর গত অর্থবছরের একই সময়ে চলতি হিসাবের ঘাটতি ছিল ৭৭ কোটি ৮০ লাখ ডলার।