বিশ্ববাজারে সোনার দাম কমে ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে মূল্যবান এই ধাতুর দাম আগের সেশনের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ কমে যায়।
এ সময় স্পট মার্কেটে ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়ায় ৩ হাজার ৮৭০ মার্কিন ডলার। ২০২৫ সালের অক্টোবরের পর থেকে আর কখনোই সোনার দাম এত নিচে নামেনি।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) মুদ্রানীতি আরও কঠোর হওয়ার আশঙ্কা এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে মূল্যবান ধাতুর বাজারে।
ফেডের সুদের হার আরও বাড়তে পারে—এমন প্রত্যাশা সোনার দামের ওপর চাপ তৈরি করেছে। সাধারণত সুদের হার বাড়লে সোনার মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়।
অন্যদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এসব কারণে বিনিয়োগকারীদের মধ্যে সোনা নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে।
এদিকে, সোনা ও রুপার দাম কমলেও বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল প্রায় ৯৫ ডলারে পৌঁছেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

