গ্রেপ্তার ও কারাবাসের কয়েক মাস পর প্রথমবারের মতো নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি রুম্মান রশিদ খানের একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, মাত্র ৪৮ ঘণ্টার জেলজীবনই তাকে মানুষ চিনতে শিখিয়েছে।
নুসরাত ফারিয়া বলেন, তার বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি আগেই শুনেছিলেন। তবে সে সময় দেশের বাইরে থাকায় বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি। গানের শুটিংয়ের জন্য থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছানোর পরই পরিস্থিতি বদলে যায়। ইমিগ্রেশনে পুলিশ তাকে আটক করে ডিটেনশন রুমে নেওয়ার পর তিনি বুঝতে পারেন, তাকে গ্রেপ্তার করা হচ্ছে।
তিনি জানান, ওই মুহূর্তে তার পুরো জীবন যেন থমকে গিয়েছিল। কারাগারে কাটানো এক দিন এক রাত তাকে মানসিকভাবে নাড়িয়ে দেয়। বিশেষ করে সবচেয়ে কাছের মানুষদের আচরণ তাকে গভীরভাবে আঘাত করেছে। অনেক বন্ধু সামাজিক মাধ্যম থেকে তার সঙ্গে থাকা ছবি মুছে ফেলেন, কেউ কেউ যোগাযোগই বন্ধ করে দেন।
ফারিয়ার ভাষায়, “এই ৪৮ ঘণ্টাই আমাকে বুঝিয়ে দিয়েছে কে আমার আপন, আর কে নয়।” যাদের জন্য বছরের পর বছর নিঃস্বার্থভাবে পাশে ছিলেন, সেই মানুষদেরও নতুনভাবে চিনেছেন তিনি। এ অভিজ্ঞতার পর অনেক সম্পর্ক আর আগের জায়গায় নেই বলেও জানান অভিনেত্রী।
তবে কষ্টের মধ্যেও তিনি পেয়েছেন অচেনা মানুষের ভালোবাসা। জেলের ভেতরে বন্দি, জেলারেরা সবার কাছ থেকেই সহানুভূতি ও মানবিক আচরণ পেয়েছেন বলে জানান ফারিয়া। তিনি বলেন, কারাগারের অভিজ্ঞতা খুব বেশি বিস্তারিতভাবে প্রকাশ করতে চান না, তবে সেখানে তাকে সম্মান ও যত্নের সঙ্গেই রাখা হয়েছিল।
শারীরিক ও মানসিক অবস্থার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। প্রায় ৪৮ ঘণ্টা কিছু খেতে না পারলেও অচেনা মানুষরা নিজ হাতে তাকে খাবার খাইয়ে দিয়েছেন এই স্মৃতি আজও তাকে নাড়া দেয়।
তিনি বলেন, “যাদের আমি কোনোদিন চিনতাম না, হয়তো আর কখনো দেখব না তারাই ওই কঠিন সময়ে শুধু ভালোবাসা আর দয়া দেখিয়েছে।” তাদের জন্য মন থেকে দোয়া করেন বলেও জানান নুসরাত ফারিয়া।
উল্লেখ্য, গত বছরের ১৮ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।
মানবকণ্ঠ/আরআই

