বিশ্বজুড়ে প্রভাবশালী ব্যক্তিদের নাম জড়িয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত গোপন ফাইল। সম্প্রতি প্রকাশিত সেই নথিতে এবার বলিউডের প্রখ্যাত নির্মাতা ও অভিনেতা অনুরাগ কাশ্যপের নাম উঠে এসেছে।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তোলপাড়। তবে নথিতে এই নামের উল্লেখ কি কোনো অভিযোগের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবলই একটি রেফারেন্স—তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
গত ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইন–সংক্রান্ত ৩০ লাখের বেশি নথি প্রকাশ করে। সেই নথির ই–মেইল ও চিঠিপত্রের এক জায়গায় ‘অনুরাগ কাশ্যপের’ নাম পাওয়া যায়, যাকে ই–মেইলে ‘বলিউড গাই’ হিসেবে সম্বোধন করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এপস্টেইনের সহযোগী জিউসেপে বেরসানি, জিনো ইউ ও অরনেলা কোরাজ্জার মধ্যে আদান-প্রদান হওয়া কিছু ই–মেইলে কাশ্যপের নাম এসেছে। আলোচনাগুলো মূলত ছিল এপস্টেইনের কিউবা ও সাংহাই সফর নিয়ে। সেখানে বৌদ্ধধর্ম, প্রযুক্তি ও চিকিৎসাবিষয়ক কর্মশালায় সম্ভাব্য অতিথিদের তালিকায় অনুরাগ কাশ্যপকে ‘কুল পিপল’ হিসেবে উল্লেখ করা হয়। এই তালিকায় আরও ছিলেন বেন গোয়ার্টজেল, ব্রুস ডেমার ও ডিজে স্পুকির মতো ব্যক্তিরা।
তবে নথির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধমূলক অভিযোগ সেখানে নেই। ই–মেইলগুলোতে এপস্টেইন ও কাশ্যপ একই সময়ে একই স্থানে অবস্থান করছিলেন—এমন কোনো প্রমাণও মেলেনি। এমনকি অনুরাগ কাশ্যপ শেষ পর্যন্ত ওই কর্মশালা বা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি। অর্থাৎ, তালিকায় নাম থাকা মানেই অপরাধের সঙ্গে সম্পৃক্ততা নয়।
এদিকে এই খবরের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন লিখেছেন, “এটা কি এপস্টেইনের ফাইল, নাকি চিত্রগুপ্তের খাতা? সবার নামই তো আছে!” অন্যজন মন্তব্য করেছেন, “যারা সত্যিই অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। শুধু আমন্ত্রিতদের তালিকায় নাম থাকায় কাউকে টার্গেট করা ঠিক নয়।”
প্রতিবেদনে অনুরাগ কাশ্যপ ছাড়াও অভিনেত্রী নন্দিতা দাসের নামও থাকার কথা জানানো হয়েছে। তাকে ২০১৫ সালের যুক্তরাজ্যের লেক ডিস্ট্রিক্ট ফেস্টিভ্যালে সম্ভাব্য বক্তা হিসেবে উল্লেখ করা হয়েছিল। এর আগেও এপস্টেইন সংক্রান্ত নথিতে মীরা নায়ার, মাইকেল জ্যাকসন, ডায়ানা রস, ক্রিস ট্যাকার, মিক জ্যাগারসহ একাধিক আন্তর্জাতিক তারকার নাম পাওয়া গিয়েছিল।
এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এপস্টেইন ফাইলে অনুরাগ কাশ্যপের নাম থাকা কোনোভাবেই অপরাধের সরাসরি সংশ্লিষ্টতা প্রমাণ করে না। নথিতে নামের উপস্থিতি আর সরাসরি অভিযোগের মধ্যকার পার্থক্য বোঝাটাই এখন সবচেয়ে জরুরি।
সূত্র: ইয়ন
মানবকণ্ঠ/ডিআর




Comments