কয়েক মাসের বিরতির পর আবারও রাজধানীতে খোলা আকাশের নিচে বড় আয়োজনের কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিরাপত্তাজনিত নানা কারণে সাম্প্রতিক সময়ে একাধিক শো বাতিল হওয়ায় সংগীতাঙ্গনে স্থবিরতা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতি কাটিয়ে নতুন উদ্যমে আয়োজন করা হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান।
নতুন সরকারের শপথের দিন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের উদ্যোগে বসছে এই কনসার্ট। রাত ৭টায় মঞ্চে উঠবেন জনপ্রিয় ব্যান্ড নগর বাউল জেমস। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন।
তিনি জানান, আয়োজকদের পক্ষ থেকে কনসার্টের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে এবং নির্ধারিত সময়েই তারা পারফর্ম করবেন। দীর্ঘদিন পর উন্মুক্ত পরিবেশে গান গাওয়ার সুযোগ পেয়ে ব্যান্ডটি উচ্ছ্বসিত বলেও জানান তিনি।
এ আয়োজনে আরও পারফর্ম করবে জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ ও শিরোনামহীন। ব্যান্ড সংগীতপ্রেমীদের প্রত্যাশা, নতুন সরকারের সময়ে দেশের ব্যান্ড সংগীত আরও এগিয়ে যাবে এবং দেশ-বিদেশে বড় পরিসরে কনসার্ট আয়োজনের সুযোগ বাড়বে।
মানবকণ্ঠ/আরআই




Comments