Image description

বছর ঘুরে সংযম ও ক্ষমার বার্তা নিয়ে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। আজ বৃহস্পতিবার প্রথম রোজা। আগামী (১৬ মার্চ) রাতে পবিত্র শবেকদর পালিত হবে। অত্যন্ত বরকতময় এই মাসের জন্য সারা বছর প্রতীক্ষায় থাকেন ধর্মপ্রাণ মুসলিমরা।

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়। 

রমজান মাসে প্রতিদিন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। এই সংযমের মাধ্যমে মহান আল্লাহর অনুগ্রহ কামনা করেন ধর্মপ্রাণ মুসলিমরা। এ মাসের গুরুত্ব ও তাত্পর্য প্রত্যেক মুসলমানের কাছে অপরিসীম।

এ মাসে একটি ভালো কাজ করলে আল্লাহ তাআলা প্রতিদানে ৭০ গুণ সওয়াব দান করেন। একটি নফল কাজের জন্যও ফরজ কাজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। মহান আল্লাহ বলেন, ‘রমজান মাস, এ মাসেই পবিত্র কোরআন নাজিল করা হয়েছে, মানুষের জন্য হেদায়েত, সত্পথের সুস্পষ্ট নিদর্শন এবং হক ও বাতিলের পার্থক্যকারী। অতএব, তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে, সে যেন এ মাসে রোজা পালন করে।’ 

গতকাল বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সভা থেকে রমজানের চাঁদ দেখার খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়। 

এদিকে গতকাল পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ধর্মসচিব মো. কামাল উদ্দিনের নেতৃত্বে শোভাযাত্রাটি জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উত্তর গেটে এসে শেষ হয়।