জনপ্রিয় অভিনেতা শামস সুমনের আকস্মিক প্রস্থানে শোকের ছায়া নেমে এসেছে দেশের সংস্কৃতি অঙ্গনে। বুধবার (১৮ মার্চ) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওস্থ চ্যানেল আই প্রাঙ্গণে এই গুণী অভিনেতার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় তাঁর দীর্ঘদিনের সহকর্মী, অভিনয়শিল্পী, পরিচালক ও নাট্যব্যক্তিত্বরা উপস্থিত হয়ে চোখের জলে প্রিয় বন্ধু ও সহকর্মীকে বিদায় জানান।
শামস সুমনকে শেষবারের মতো দেখতে এবং শ্রদ্ধা জানাতে চ্যানেল আই চত্বরে উপস্থিত হয়েছিলেন নাট্যজন রামেন্দ্র মজুমদার, আফজাল হোসেন, জাহিদ হাসান, নায়ক ওমর সানী, সালাহ উদ্দিন লাভলু, মীর সাব্বির, জিতু কমল, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, শাহেদ শরীফ খান, নাদের চৌধুরী, আহসান হাবিব নাসিম ও অহিদা মল্লিক জলি সহ আরও অনেকে। এসময় শোকাতুর সহকর্মীরা তাঁর সাথে কাটানো স্মৃতিচারণ করেন।
ব্যক্তিগত শ্রদ্ধার পাশাপাশি অভিনয় শিল্পী সংঘ ও আবৃত্তি সংগঠন ‘স্বনন’-এর পক্ষ থেকে এই অভিনেতার কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জানাজা শেষে পরিবারের পক্ষ থেকে শামস সুমনের ভাই ও তাঁর শ্যালক উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শামস সুমনের স্ত্রী ও পরিবারের সদস্যরা বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে তারা ইতিমধ্যে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা দেশে পৌঁছানোর পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। ততক্ষণ পর্যন্ত এই অভিনেতার মরদেহ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শামস সুমন। এদিন বিকেলে হঠাৎ অসুস্থবোধ করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
শামস সুমন তাঁর দীর্ঘ ক্যারিয়ারে মঞ্চ, ছোট পর্দা এবং বড় পর্দায় সমান দাপটের সঙ্গে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি বেসরকারি রেডিও স্টেশন ‘রেডিও ভূমি’তে স্টেশন চিফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর সাবলীল অভিনয় ও বিনয়ী স্বভাবের কারণে তিনি দর্শক ও সহকর্মীদের মাঝে অত্যন্ত প্রিয় ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments