Image description

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ দেখতে এসে চরম ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ দর্শকরা। দেশের বেশ কিছু প্রেক্ষাগৃহে এসি বিকল হওয়া এবং কারিগরি ত্রুটির কারণে সিনেমাটি প্রদর্শন করা সম্ভব হয়নি। পরিস্থিতি সামাল দিতে দর্শকদের টিকিটের টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে হল কর্তৃপক্ষ।

সিনেমাটির পরিচালক আবু হায়াত মামুদ জানান, কিছু প্রেক্ষাগৃহে এসি নষ্ট থাকায় দর্শকদের অসহনীয় গরমে সিনেমা দেখানো সম্ভব ছিল না। বিশেষ করে স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার ও ধানমন্ডি শাখার হাউজফুল শোগুলোর টিকিট ফেরত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) নিজের ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে তিনি দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেন।

এদিকে কারিগরি সমস্যার কারণেও বিপাকে পড়েছে সিনেমাটি। অনেক প্রেক্ষাগৃহে নির্ধারিত সময়ে সার্ভার সংযোগ না পাওয়ায় দর্শকরা সিনেমাটি দেখতে পারেননি। এতে দেশের কয়েকটি স্থানে ক্ষুব্ধ দর্শকরা সিনেমা হলে ভাঙচুর চালিয়েছেন বলেও খবর পাওয়া গেছে। এর আগে ডিসিপি সংক্রান্ত জটিলতার কারণে ঈদের দিন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির মুক্তি বিলম্বিত হয়েছিল।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত ‘প্রিন্স’ সিনেমাটি দেশের ১৩৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু। বড় পর্দায় প্রিয় তারকাকে দেখতে এসে এমন অব্যবস্থাপনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শাকিব ভক্ত। তবে পরিচালক আশা প্রকাশ করেছেন, দ্রুতই কারিগরি ও যান্ত্রিক সমস্যার সমাধান করে দর্শকরা স্বাচ্ছন্দ্যে সিনেমাটি উপভোগ করতে পারবেন।

মানবকণ্ঠ/আরআই