সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে দাদীর সাথে বেড়াতে এসে নদীতে ডুবে জিহাদ (১১) নামে এক শিশু পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জাফলং জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ নরসিংদী জেলার শিবপুর উপজেলার পটিয়া গ্রামের প্রবাসী জুয়েল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদী থেকে দাদী ও নাতি জিহাদসহ ৪-৪৫ জনের একটি দল বাসে করে জাফলংয়ে ভ্রমণে আসেন। বেলা ১১টার দিকে জাফলং জিরো পয়েন্টে সবার সাথে নদীতে গোসলে নামে জিহাদ। একপর্যায়ে পাহাড়ি ঢলের তীব্র স্রোতের টানে সে পানিতে তলিয়ে যায়। দাদী ও সাথে আসা লোকজন চিৎকার শুরু করলে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে। পরে আশঙ্কাজনক অবস্থায় জিহাদকে উদ্ধার করে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ তপন তালুকদার মানবকণ্ঠকে জানান, দাদীর সাথে ভ্রমণে এসে জাফলং জিরো পয়েন্টে গোসল করতে নেমে শিশুটি পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এদিকে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে নদীর স্রোত অত্যন্ত শক্তিশালী ও ঝুঁকিপূর্ণ থাকে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পর্যটকদের নদীতে নামার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং শিশুদের প্রতি বিশেষ নজর রাখার আহ্বান জানানো হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments