Image description

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৩০টি ড্রাম ভর্তি প্রায় ৬ হাজার লিটার অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করেছে জেলা প্রশাসন। শুক্রবার (২৭ মার্চ) সকালে পতেঙ্গার কমিশনার ঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার। জেলা প্রশাসন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পুলিশ সদস্যরা যৌথভাবে এই অভিযানে অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে কমিশনার ঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ এই জ্বালানি তেল জব্দ করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, সমুদ্রগামী জাহাজ ও প্রধান তেল ডিপো থেকে জ্বালানি পরিবহনের সময় একটি অসাধু চক্র অবৈধভাবে তেল সরিয়ে নিয়ে স্থানীয় বাজারে সরবরাহ করে আসছিল। তবে অভিযানের খবর টের পেয়ে ঘটনাস্থল থেকে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত ডিজেল বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার জানান, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। তেল ডিপো, পেট্রোল পাম্প ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ওপর নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।

মানবকণ্ঠ/ডিআর