ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান-এর জন্মদিন গতকাল মালয়েশিয়ায় উদযাপিত হয়েছে। ‘রকস্টার’ ছবির শুটিং সেটেই কেক কেটে বিশেষ দিনটি উদযাপন করা হয়। সহশিল্পী, পরিচালক ও ইউনিটের অন্যান্য সদস্যদের ভালোবাসায় সিক্ত হন এই সুপারস্টার। সবাই মিলে তাঁকে শুভেচ্ছা জানান এবং তাঁর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে শাকিবের জন্মদিন উদযাপনের ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানান প্রযোজক রিজুতি আহমেদ শর্মা।
তিনি বলেন, ‘আমাদের মেগাস্টারকে তাঁর বিশেষ দিনে পাশে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এটি শুধু জন্মদিন উদযাপন নয়, বরং প্রতিটি কাজে তিনি যে শক্তি, আবেগ ও জাদু নিয়ে আসেন, সেটিরও উদযাপন। সামনে আরও অনেক স্মরণীয় মুহূর্ত একসঙ্গে তৈরি হবে—শুভ জন্মদিন, রকস্টার!’
এদিকে, প্রকাশ্যে এসেছে মালয়েশিয়ায় শাকিবের জন্মদিন উদযাপনের একটি ভিডিওচিত্র। যেখানে দেখা যায়, বিশেষ এই দিনে শাকিবও ছিলেন বেশ উৎফুল্ল। সহকর্মীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যদিকে, সামাজিকমাধ্যমে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছা-বন্যায় ভাসছেন শাকিব।
প্রসঙ্গত, সম্প্রতি মালয়েশিয়ায় শুরু হয়েছে ‘রকস্টার’ ছবির শুটিং। এতে শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন সাবিলা নূর। সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো।




Comments