জনসমক্ষে তাকে সাধারণত গম্ভীর মেজাজেই দেখা যায়, ক্যামেরার সামনে মুখে হাসি যেন এক বিরল দৃশ্য। কিন্তু প্রিয় বন্ধুর বিয়ের আসরে ধরা দিলেন একেবারে ভিন্ন এক আরিয়ান খান। শাহরুখ-তনয় আরিয়ান খানের এক গাল হাসি আর খুনসুটির ভিডিও এখন নেটপাড়ায় রীতিমতো ভাইরাল।
সম্প্রতি এক ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে যোগ দিয়ে ‘জুতা চুরাই’ বা জুতো লুকানো প্রথা নিয়ে কনের বোনেদের সঙ্গে আক্ষরিক অর্থেই ‘যুদ্ধে’ লিপ্ত হতে দেখা গেছে আরিয়ানকে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিয়ের মণ্ডপে বরের জুতো যাতে চুরি না হয়, সে জন্য বন্ধুদের নিয়ে শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছেন আরিয়ান। কনের বান্ধবীরা যখনই হানা দেওয়ার চেষ্টা করছেন, আরিয়ান তার দলবল নিয়ে তাদের হাসিমুখে বাধা দিচ্ছেন। মজার ছলে এই কাড়াকাড়ি আর হাসাহাসিতে আরিয়ানের চোখেমুখে ছিল জেতার প্রবল জেদ!
নেটিজেনদের নজর কেড়েছে আরিয়ানের এই বিরল রূপ। পরনে ডিজাইনার ব্ল্যাক পাঠানি স্যুট আর চোখে সেই চেনা তীক্ষ্ণ চাহনি থাকলেও, ভিডিওতে তাকে প্রাণখোল মজা করতে দেখা গেছে। সাধারণত পাপারাজ্জিদের ক্যামেরার সামনে তিনি যতটা সংযত থাকেন, বন্ধুদের ভিড়ে দেখা গেল তার উল্টো চিত্র।
ভিডিওটি ভাইরাল হতেই মন্তব্যের বন্যা বয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একজন ভক্ত লিখেছেন, “কিং খানের ছেলে যখন বডিগার্ড হয়, তখন জুতো চুরি করা অসম্ভব!” অন্য একজন আরিয়ানের হাসিমুখ দেখে মন্তব্য করেছেন, “আরিয়ানকে হাসলে কত কিউট লাগে, কেন যে তিনি সবসময় গম্ভীর থাকেন!”
পেশাগত জীবনে বাবার মতো অভিনয়ের পথ না মাড়িয়ে আরিয়ান বেছে নিয়েছেন ক্যামেরার পেছনের কাজকে। তার পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ (স্টারডম) নিয়ে ইতোমধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments