মার্কিন বাহিনীর হাতে আটক হওয়া ইরান-পতাকাবাহী একটি কার্গো জাহাজকে ‘চীনের উপহার’ বলে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্পের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর নিশ্চিত করেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) এক নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সাংবাদিকদের বলেন, দেশগুলোর মধ্যে স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্ক বজায় থাকা উচিত এবং একে ভিত্তিহীন অভিযোগ তুলে বাধাগ্রস্ত করা কাম্য নয়। তিনি আন্তর্জাতিক আইন ও বাণিজ্যিক রীতি মেনে চলার ওপর জোর দেন।
গত এক সপ্তাহের বেশি সময় ধরে ইরানকে লক্ষ্য করে কঠোর নৌ-অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরগুলো অবরুদ্ধ করার পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ-চলাচল নিয়ন্ত্রণ করছে।
এর জবাবে ইরানও কার্যত এই প্রণালি বন্ধ করে দিয়েছে এবং বেশ কিছু বাণিজ্যিক জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। একই সঙ্গে পারস্য উপসাগরীয় অঞ্চলের সব ধরণের বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দুই পরাশক্তির এই পাল্টাপাল্টি অবস্থান ও উত্তেজনার মাঝে চীনের এই প্রতিক্রিয়া বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments