Image description

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পর্দায় ফিরছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে এবার আর চিরচেনা রোমান্টিক হিরো বা অ্যাকশন গ্যাংস্টার নয়, সম্পূর্ণ নতুন ও বিধ্বংসী এক ‘রকস্টার’ লুকে ধরা দিলেন তিনি। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় মুক্তি পাওয়া শাকিব অভিনীত ‘রকস্টার’ সিনেমার টিজারটি প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে এসেছে।

১ মিনিট ২০ সেকেন্ডের এই টিজারে শাকিব খানকে দেখা গেছে একেবারেই ভিন্ন অবয়বে। এলোমেলো চুল, ঝরঝরে শরীর আর হাতে গিটার নিয়ে কনসার্ট মাতানো থেকে শুরু করে দুর্ধর্ষ অ্যাকশন—সবখানেই নিজের আধিপত্য জানান দিয়েছেন কিং খান। টিজারটি শেয়ার করে শাকিব তার ফেসবুক পেজে লিখেছেন, ‘একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল। এবার সে আসছে পর্দা কাঁপাতে।’

টিজার দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, এই চরিত্রের জন্য কঠোর পরিশ্রম করেছেন শাকিব। তার ওজন কমানো এবং চুলের স্টাইল ভক্তদের মধ্যে আলাদা উন্মাদনা সৃষ্টি করেছে। টিজারের ব্যাকগ্রাউন্ডে আহমেদ হাসান সানির ‘আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও’ গানটি দর্শকদের বাড়তি রোমাঞ্চ দিচ্ছে।

আজমান রুশো পরিচালিত এই সিনেমাটি আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। টিজারে তাদের দেখা না গেলেও বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খানের এক ঝলক উপস্থিতি চোখে পড়েছে।

সিনেমাটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী সাবিলা নূর। ফেসবুকে তিনি লিখেছেন, ‘এত বিশাল ও গুরুত্বপূর্ণ একটি প্রজেক্টের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত ও গর্বিত। শাকিব ভাই আপনার নিষ্ঠা ও কাজই আপনার পরিচয় দেয়। আপনার সঙ্গে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ।’

সান মোশন পিকচার প্রযোজিত ‘রকস্টার’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব। টিজারের শেষে চমক হিসেবে জানানো হয়েছে, এটি ছিল স্রেফ ‘জ্যামিং’, সামনে আরও বড় ধামাকা বা দ্বিতীয় টিজার আসছে।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিবিয়ানদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন শুধুই এই ‘রকস্টার’। শাকিবের এই নতুন নিরীক্ষা কতটুকু সফল হয়, তা দেখার জন্য এখন ঈদের অপেক্ষা।

মানবকণ্ঠ/আরআই