Image description

সংসারের ব্যস্ততা আর পারিবারিক দায়িত্ব পালন করতে গিয়ে অনেক নারীই তাদের সুপ্ত সংগীত প্রতিভাকে আড়ালে ঠেলে দেন। সেই সব বিবাহিত নারীদের সুপ্ত প্রতিভাকে বড় মঞ্চে তুলে আনতে শুরু হচ্ছে নতুন ঘরানার রিয়েলিটি শো ‘বঁধুয়ার গান’। কিংবদন্তি মিডিয়ার আয়োজনে নির্মিত এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হারানো স্বপ্ন পুনরুদ্ধারে নারীদের উৎসাহিত করা।

‘বঁধুয়ার গান’ অনুষ্ঠানের বিচারকের আসনে থাকছেন দেশের সংগীত জগতের তিন উজ্জ্বল নক্ষত্র—কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমীন, কনকচাঁপা এবং রিজিয়া পারভীন। অভিজ্ঞ এই শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক অনন্য উচ্চতা পাবে বলে আশা করছেন আয়োজকরা।

প্রতিযোগিতার সব রাউন্ড শেষে যিনি চ্যাম্পিয়ন হবেন, তিনি পাবেন মর্যাদাপূর্ণ ট্রফি এবং ১০ লাখ টাকা। সেই সঙ্গে একটি মিউজিক ভিডিও রেকর্ড করার বিশেষ সুযোগও থাকছে। এছাড়া প্রথম রানারআপ ৫ লাখ টাকা এবং দ্বিতীয় রানারআপ পাবেন ২ লাখ টাকা। পুরো আয়োজনটি সম্প্রচারিত হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘জি টিভি’তে (GTV)।

গত ১২ মে থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতার অনলাইন রেজিস্ট্রেশন। আগ্রহী বিবাহিত নারীরা ৫০০ টাকা জমা দিয়ে আগামী ৬ জুন পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন শেষে নির্বাচিতদের নিয়ে শুরু হবে মূল অডিশন ও স্টুডিও রাউন্ড।

আয়োজকদের মতে, এটি কেবল একটি গানের লড়াই নয়, বরং বিবাহিত জীবনে প্রবেশের পর যে শিল্পীদের কণ্ঠ নীরবে হারিয়ে গেছে, তাদের পুনরায় মঞ্চে ফিরিয়ে আনার একটি প্রয়াস

এক ভিডিও বার্তায় সাবিনা ইয়াসমীন বলেন, ‘বাংলাদেশের গ্রামগঞ্জে ও মফস্বলে অনেক প্রতিভা ছড়িয়ে আছে। অনেক বঁধু আছেন যাঁরা সুযোগের অপেক্ষায় গান গাইতে পারছেন না। সেই নারীদের জন্যই এই আয়োজন। আমি থাকব আপনাদের গান শোনার জন্য।’

সংগীতশিল্পী রিজিয়া পারভীন বলেন, ‘বিবাহিত নারীরা যে পেশাতেই থাকুন না কেন, আপনাদের সবার জন্য এই প্ল্যাটফর্ম। আশা করছি দারুণ একটি আয়োজন হবে।’

নিজের স্বপ্নকে নতুনভাবে শুরু করতে এবং নিজের পরিচয়ের পুনর্জাগরণ ঘটাতে বিবাহিত নারীদের এই সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।