ঢাকা থেকে জামালপুরে নাটকের শুটিংয়ে যাওয়ার পথে এক লোমহর্ষক পরিস্থিতির শিকার হয়েছেন তরুণ অভিনেত্রী ফারিন খান। গত ১৩ তারিখ রাত সোয়া তিনটার দিকে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে তাকে হেনস্তা ও শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ তুলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এই ভয়াবহ অভিজ্ঞতার কথা নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।
ফারিন জানান, শুটিংয়ে যাওয়ার পথে রাত আনুমানিক সোয়া তিনটার দিকে তিনি একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে যান। সেখানে ঢোকার কিছুক্ষণ পরই তিনি অনুভব করেন ভেন্টিলেটর দিয়ে কেউ একজন তার গলার কাছে হাত বাড়িয়েছে। ফারিন বলেন, "হয়তো আমি সময়মতো চিৎকার না দিলে আমাকে মেরে ফেলে সব লুটপাট করে তারপর ধর্ষণের চেষ্টা করত।"
তার চিৎকারে দ্রুত এগিয়ে আসেন গাড়ির ড্রাইভার। ড্রাইভারকে দেখে অভিযুক্ত ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। ড্রাইভার জানান, লোকটিকে আগে থেকেই ওয়াশরুমের পেছনের দিকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল, তবে সে ময়লা ফেলতে যাচ্ছে ভেবে তখন কেউ কিছু বলেনি।
এই ঘটনায় মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছেন ফারিন। তিনি তার পোস্টে আক্ষেপ করে লিখেছেন, এ দেশে নারীরা এখনো নিরাপদ নয়। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এবং পোশাক দিয়ে নারীকে বিচার করার মানসিকতার কারণেই এমন ঘটনা বারবার ঘটছে বলে তিনি মনে করেন। সাহসী এই অভিনেত্রী জানান, তিনি সেই পরিস্থিতি মোকাবিলা করে বেরিয়ে আসতে পারলেও সেই রাতের চাপা যন্ত্রণা ও ভয় তাকে এখনো তাড়িয়ে বেড়াচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments