Image description

দেশের বিভিন্ন জেলায় শুক্রবার (২২ মে) বিচ্ছিন্ন বজ্রবৃষ্টির সময় বজ্রাঘাতে অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে রাজধানীসহ সারাদেশে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই অস্বস্তিকর আবহাওয়া আরও ৪ থেকে ৫ দিন স্থায়ী হতে পারে।

বজ্রপাতে নিহতদের মধ্যে রয়েছেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধান কাটার সময় কৃষক মো. মালেক (৪০), ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ইদ্রিস আলী ফকির (৬৫), ভোলার লালমোহনে শিক্ষার্থী মো. ইয়ামিন (১১), মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিক স্বপন মুণ্ডা (২৩) ও রাজনগরে কৃষক তালেব মিয়া (৪০)। এছাড়া নেত্রকোনার আটপাড়ায় সোলায়মান মিয়া (২২) এবং শরীয়তপুরের ভেদরগঞ্জে ফয়সাল বেপারী (৩৫) বজ্রাঘাতে মারা যান। পাশাপাশি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পর্শে আরও দুই যুবকের মৃত্যু হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, শুক্রবার দেশের ১৩টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাগেরহাটের মোংলা ও লক্ষ্মীপুরের রামগতিতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সামান্য বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের তীব্রতা কমেনি।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আগামী বৃহস্পতিবারের আগে তাপমাত্রা কমার সম্ভাবনা কম। তবে দেশের বিভিন্ন বিভাগে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বজ্রসহ বৃষ্টির সময় খোলা মাঠ বা উঁচু স্থানে অবস্থানকারীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মানবকণ্ঠ/আরআই