Image description

আসন্ন ৪ জুন মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী মেগাস্টার রাম চরণ ও জাহ্নবি কাপুর অভিনীত বহু প্রতীক্ষিত তেলেগু স্পোর্টস ড্রামা ‘পেদ্দি’। এই সিনেমার প্রচারণা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী এবং জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের ভূয়সী প্রশংসা করেছেন রাম চরণ।

অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে রাম চরণ বলেন, “থালাপতি বিজয় যখন ক্যারিয়ারের মধ্যগগনে এবং জনপ্রিয়তার তুঙ্গে, ঠিক সেই সময়ে অভিনয় জগত ছেড়ে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন। এটি অত্যন্ত সাহসী এবং একই সাথে অনুপ্রেরণাদায়ক একটি পদক্ষেপ।” তিনি আরও যোগ করেন, একজন সহকর্মী শিল্পী হিসেবে তিনি বিজয়ের এই অর্জনে গর্ববোধ করেন এবং তাঁকে অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন জানান।

রাম চরণের এই বক্তব্যের ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভক্তরা দুই তারকার এই পারস্পরিক শ্রদ্ধাবোধকে সাধুবাদ জানাচ্ছেন।

উল্লেখ্য, গত ৪ মে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফলে এক অবিশ্বাস্য ইতিহাস গড়েছেন সি. জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। তাঁর রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (TVK) দীর্ঘ ৬০ বছরের দ্রাবিড়ীয় রাজনীতির প্রথাগত আধিপত্য ভেঙে নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিয়েছে। নির্বাচনে বিজয় নিজে পেরাম্বুর এবং তিরুচিরাপল্লী (পূর্ব)—এই দুটি আসন থেকেই বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে তাঁর জনপ্রিয়তা ও রাজনৈতিক শক্তির প্রমাণ দিয়েছেন। তাঁর এই অভূতপূর্ব উত্থান বর্তমানে ভারতের রাজনীতি ও সিনেমা পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

মানবকণ্ঠ/আরআই